নাজমুল হোসেন অন্তর: আমাদের কাজ হবে গণমুখী যাতে করে সাধারণ জনগণ ঘরে বসেই ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা পেতে পারেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। শুক্রবার ঢাকার দোহার উপজেলার দোহার পৌরসভা আয়োজিত হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স আদায়ে ক্যাশলেস সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা কাজ করি জনগণের জন্য। জনগণ যে কাজ করলে উপকৃত হবে আমরা সবার আগে সেই কাজই করবো। আমাদের কাজের মধ্যে দিয়ে জনগণ যেনো তাদের ন্যায্য অধিকার ফিরে পায়।
দিনব্যাপী পৌরসভা আয়োজিত অনুষ্ঠানে শুরুতেই জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে ডিপিএইচই বাস্তবায়নাধীন বাংলাদেশ -২৩ পৌরসভা পানি সরবাহ স্যানিটেশন প্রকল্প এর আওতায় বাস্তবায়নাধীন প্রকল্প সম্পর্কে অবগত হয়ে পৌরসভার ইউসুফপুর এলাকায় নির্মিত প্রকল্প পরিদর্শন করেন। এছাড়া স্থানীর সরকার সচিব উপজেলা টুইন কোয়ার্টার ভবন পদ্মবতী উদ্বোধন, গার্ভেজ ও মিনি কক্সবাজার খ্যাত মৈনটঘাট পরিদর্শন করেন।
তিনি দোহার পৌর এলাকায় অত্যাধুনিক গারবেজ প্লান্ট নির্মাণের জন্য অর্থ বরাদ্দ ও প্রকল্পের সময় বৃদ্ধির আশ্বাস দেন।এছাড়াও জয়পাড়া ব্রিজের নির্মাণ খুব দ্রুত শুরু হবে বলে এলজিইডি এর প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া সবাইকে অবহিত করেন।
দিনব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের মহাপরিচালক মাহমুদুল হাসান, যুগ্ম সচিব খলিলুর রহমান, উপ-সচিব ইবাদত হোসেন, উপ-পরিচালক শওকত আলী, এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়া, জনস্বাথ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মীর আব্দুস সহিদ, পানি সরবাহ ও স্যানিটেশন প্রকল্প পরিচালক ওয়াজে আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিগবাত উল্লাহ, পৌর নির্বাহী প্রকৌশলী এম এম মামুনুর রশীদ, পৌর নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, দোহার প্রেসক্লাবের সভাপতি তারেক রাজিবসহ উপজেলা পরিষদের ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ।
