স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নে এবার ২টি ডায়াগনস্টিক সেন্টারকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। সেই সাথে ডায়াগনস্টিক সেন্টার দুটির সমস্ত কর্মকর্তা-কর্মচারী ও চিকিৎসকদের সেখানে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
লকডাউনকৃত ডায়াগনস্টিক সেন্টার দুইটি হচ্ছে ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার ও জিনজিরা ডায়াগনোস্টিক সেন্টার।
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল জানান, গত রোববার জিনজিরা মডেল টাউনের ১ নাম্বার রোডের ৭২নাম্বার বাড়ির ৯তলার বাসিন্দা গোলাম মোস্তফা (৬৮) নামে এক ব্যক্তি করোনা রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি তারা নিশ্চিত হন। ওই ব্যক্তির জ্বর, সর্দি ও কাশি নিয়ে ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে চিকিৎসা করান। পরে তিনি জিনজিরা বাসরোডের জিনজিরা ডায়াগনস্টিক সেন্টারেও চিকিৎসা করান।
এজন্য বিশেষ নিরাপত্তর স্বার্থে ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারকে আগামি ১৫এপ্রিল পর্যন্ত লকডাউন এবং জিনজিরা ডায়াগনস্টিক সেন্টারকে আগামি ১৩এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণার আদেশ দেয়া হয় এবং সেই সাথে ওই দুই ডায়াগনস্টিক সেন্টারের সব কর্মকর্তা, কর্মচারী ও চিকিৎসকদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের এই সিদ্ধান্তকে এলাকার সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন।এব্যাপারে ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ডেপুটি ম্যানেজার এন্ড ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, তাদের এই প্রতিষ্ঠানটি একটি চিকিৎসা সেবামুলক প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন ধরনের রোগীরা তাদের চিকিৎসা সেবা নেয়ার জন্য আসেন। কে করোনাভাইরাস রোগী তা পরীক্ষা করা ছাড়া তাদের বোঝার কোন উপায় নেই। তাই অসতর্কভাবে এই ঘটনাটি ঘটেছে। তবে তারা এই ঘটনায় আর্থিকভাবে অনেক ক্ষতির সন্মুখিন হবেন।
