কেরানীগঞ্জে (ঢাকা)প্রতিনিধি: কেরানীগঞ্জে হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা দুর্বৃত্তদের হাতে গুলি বিদ্ধ হয়েছেন। এই ঘটনাটি ঘটেছে আজ রাত সাড়ে নটায় ঢালিকান্দি এলাকায় তার নিজ বাড়ির পাশেই। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কেরানীগঞ্জ মডেল উপজেলা জাসাসের আহ্বায়ক মোহাম্মদ সাফায়েত হোসেন জানান, হযরতপুরের জগন্নাথপুরে ৯ নং ওয়ার্ড বিএনপির কার্যালয় থেকে নির্বাচনী কাজ শেষে রাতে বের হয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন।
বাড়ির সামনে পৌছামাত্র এসময় দুইজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে এসে তাকে গুলি করে পালিয়ে যায়।
এতে সে পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে যায়। তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে দ্রুত উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
