কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর ঘটনায় মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় এই মানব বন্ধন করেছেন নিহত ওই নারীর স্বজনেরা।
মানব বন্ধনে অংশগ্রহণকারী ওই নারীর ছেলে মো. সুরুজ জানান, গত ৩ জুলাই তার মা শেফালী বেগমকে বাম হাতের টিউমার অপারেশনের জন্য কদমতলী গোলচত্বর এলাকায় আলবারাকা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকগণ তার মা শেফালী বেগমকে অপারেশনের পূর্বে অজ্ঞান করেন। কিন্তু এতে পরে তার মায়ের আর জ্ঞান ফিরে না আসায় চিকিৎসকগণ তার মাকে গোপনে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ জুলাই তার মা মারা যায়।
এই ঘটনায় তিনি আদালতে আলবারাকা হাসপাতালের মালিক , চিকিৎসকসহ কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও মামলার আসামীদের পুলিশ গ্রেফতার করছেন না। তাই এই মানব বন্ধনের মাধ্যমে মামলার আসামীদের দ্রুত গ্রেফতার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোড় দাবি জানান তিনি।
