কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে একদিনে চারটি লাশ উদ্ধার করেছে নৌ -পুলিশ। উদ্ধারকৃত লাশগুলির মধ্যে রয়েছে দুইজন মহিলা, একজন পুরুষ ও একজন শিশু। তবে এদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। জানা যায় আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় মডেল থানার জিনজিরা ইউনিয়নের রসুলপুর টিনের মসজিদ ঘাট বরাবর বুড়িগঙ্গা নদী থেকে বস্তাবন্দী হাত-পা বাঁধা অবস্থায় এক মহিলা (৩০) ও এক পুরুষের(৩৬) লাশ উদ্ধার করেছে বরিশুর নৌ -পুলিশ ফাঁড়ির সদস্যরা।
একইদিন দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মীরেরবাগ এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় এক শিশু ও এক মহিলার লাশ উদ্ধার করে সদরঘাট নৌ- পুলিশ। উদ্ধারকিত শিশুটির বয়স হবে আনুমানিক তিন বছর এবং মহিলার বয়স হবে ৩৫ বছর। এব্যাপারে সদরঘাট নৌ -পুলিশ থানার ওসি মোঃ সোহাগ রানা ঘটনাগুলো নিশ্চিত করে জানান,মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছে বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় প্রথমে এক মহিলার লাশ উদ্ধার করা হয়। পরে দেড় ঘন্টার মধ্যে এক ছেলে শিশুর লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মহিলার গলায় কালো রঙের বোরকা দিয়ে পেঁচানো এবং তার পরনে গোলাপি রঙের সালোয়ার ও কামিজ ছিল। ছেলে শিশুটি ওড়না দিয়ে পেঁচানো ছিল।বরিশুর নৌ -পুলিশ ফাঁড়ির ইন চার্জ সাব – ইন্সপেক্টর মোহাম্মদ মোক্তার হোসেন জানান,রাত সাড়ে সাতটার দিকে জিনজিরা ইউনিয়নের রসুলপুর টিনের মসজিদ ঘাট বরাবর বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় বস্তা বন্দী হাত-পা বাঁধা এক পুরুষ এক মহিলার লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পুরুষের পরনে ছিল কালো প্যান্ট ও ফুল শার্ট এবং মহিলার পরনে ছিল ছাই রঙের গেঞ্জি ও লাল রঙের সালোয়ার। এদের দুইজনের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। উদ্ধারকৃত লাশগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
