কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ঢাকা, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী ও নারায়নগঞ্জ জেলার উত্তম কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে ফল এবং সবজি উৎপাদন, বাজারজাতকরণ কর্মসূচীর আওতায় কেরানীগঞ্জে দিনব্যাপী কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে তাদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। কেরানীগঞ্জ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে শনিবার সকাল ১১টায় কৃষক প্রশিক্ষণ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রনালয়ের সম্প্রসারণ-৪ অধিশাখার উপসচিব মো. জসিম উদ্দিন। এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কর্মসূচী পরিচালক মো. রাজু আহমেদ, কেরানীগঞ্জ কৃষি কর্মকর্তা মো. শহিদুল আমীন ও কেরানীগঞ্জ উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কায়সুন রাফাত হাওলাদার প্রমুখ। প্রশিক্ষণ অনুষ্ঠানে বাড়ির আঙ্গিনায় ও এর আশেপাশের জমিতে কিভাবে ফল, সবজি উৎপাদন এবং বাজারজাত করা যায় সে বিষয়ে হাতে-কলমে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে ৬০ কেজি জৈব সার ও ৭৯কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়।
