কেরানীগঞ্জে ত্রাণ পেল ১৩২জন প্রতিবন্ধী শিক্ষার্থীর পরিবার

স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে অবশেষে ত্রাণ পেল কেরানীগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ১৩২জন শিক্ষার্থীর পরিবার। আজ শনিবার (৪এপ্রিল) দুপুর ১২টায় এই ত্রাণ শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছিয়ে দেয়া হয়।

ত্রান পেয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিবারের লোকজন সন্তোষ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের নিজস্ব ফান্ডের মাধ্যমে পরিচালিত বাংলাদেশ প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্টের মাধ্যমে এই ত্রাণসামগ্রী সরবরাহ করা হয়েছে।

এই ত্রাণসামগ্রীর মধ্যে প্রতিটি প্রতিবন্ধী শিক্ষার্থীর পরিবারের জন্য ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি আটা, ১ কেজি চিনি ও ১ লিটার তেল দেয়া হয়।

কেরানীগঞ্জ বুদ্ধী প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক অ্যাডভোকেট মো. জাকির হোসেন জানান, প্রানঘাতি করোনা ভাইরাসের কারণে তার বিদ্যালয়টি গত ১৭মার্চের পর থেকেই বন্ধ রয়েছে। তার বিদ্যালয়ে বুদ্ধী প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী মিলিয়ে দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে। খুব দরিদ্র পরিবারের প্রতিবন্ধী সন্তানেরাই তার বিদ্যালয়ে লেখাপাড়া করে। করোনভাইরাস প্রতিরোধে সরকার দেশব্যাপী দীর্ঘ সময় ছুটি ঘোষণা করায় ওই সব প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিবারের উপার্জনক্ষম ব্যাক্তিরা কর্মহীন হয়ে পড়ে।

তাই তিনি বিভিন্ন জায়গায় ওই সব দরিদ্র প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সাহায্যের আবেদন করেন। অবশেষে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সহায়তায় বাংলাদেশ প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্টের মাধ্যমে তারা এই ত্রাণসামগ্রী পেয়েছেন।

তিনি আরও জানান তার বিদ্যালয়ে এখনো ৭০জন প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে যাদের পরিবার এখনো কোন ত্রাণসামগ্রী পাননি। ত্রাণসামগ্রী দিয়ে এই ৭০জন শিক্ষার্থীর পরিবারকে সহযোগিতা করার জন্য তিনি বিভিন্ন দাতা প্রতিষ্ঠান ও হৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *