কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে ঝিলমিল আবাসিক প্রকল্পে এক যুবককে ছুরিকাঘাতকারী ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
শনিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে মোহাম্মদ অন্তর মিয়া (২৫),মোহাম্মদ আরিফ (১৮) ও মোহাম্মদ নাদিম (২২)। র্যাব-১০ সুত্রে জানা যায় শনিবার আনুমানিক দুপুর ১২ টায় নিজ বাসা হতে ভিকটিম মোঃ আব্দুর রহমান ওরফে লোকমান (১৯) দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকা হতে গরু আনার জন্য রওনা হয়। ভিকটিম ঝিলমিল আবাসিক প্রকল্পের মুরাদ মিয়া পার্কের পশ্চিম পার্শ্বে ঢাকা-মাওয়া সড়কগামী রাস্তায় পৌঁছালে অজ্ঞাতনামা ০৩ জন ছিনতাইকারী তার গতিরোধ করে দাড়ায়। এসময় ছিনতাইকারীরা তাদের সাথে থাকা চাকু ও ছুরি দিয়ে ভয় দেখিয়ে ভিকটিমের নিকট থাকা টাকা ও আইফোন মোবাইল জোরপূর্বক কেড়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু ভিকটিম তার টাকা ও মোবাইল না দেয়ায় ছিনতাইকারীরা ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে ধারালো চাকু দিয়ে ছুরিকাঘাত করে।
ঘটনাস্থলের আশেপাশে উপস্থিত লোকজন ঘটনাটি দেখতে পেয়ে ভিকটিমকে উদ্ধার করতে এগিয়ে আসলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকায় নিয়ে যাওয়া হয়। উক্ত ঘটনার সংবাদ প্রাপ্তির পর র্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাতে ২০২২ র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন দক্ষিণ খেজুরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত উক্ত ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০২টি সুইচ গিয়ার চাকু ও ০১টি ছুরি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত ছিনতাইকারীরা বেশ কিছুদিন যাবৎ দক্ষিন কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে ভিকটিমের বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করেছে।
