কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৬জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই কারাদণ্ডের আদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন মো. শাহ আলম (৩৬), মো. আজিজ মিয়া (৩৪), মো. কায়াম (৪৫), মো. মন্টু মিয়া (৩৫), মো. আমীন (৩৬), মো. ডালিম মিয়া (৩২)।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের অফিস সহকারী মোহাম্মদ শরীফ হোসেন জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে উক্ত ৬জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রকাশ্যে জুয়া আইন ১৮৬৭ সালের ৪ধারা অনুযায়ী ৬জনকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। দণ্ডপ্রাপ্তদের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাঘাপুর, নয়াগাঁও, মালিভিটা ও ভাওয়ারভিটি গ্রামে।
