কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে বাক্তারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোটে বাধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় কমপক্ষে ৬ জন গুরুতর আহত হয়েছে।
আহতরা হলো রনি (২৫), হৃদয় হোসেন (২৪), আ’লীগ নেতা হাবিবুর রহমান হাবিব (৫৫), ফাহিম রহমান সুইট (২৬) ও তায়িন রহমান (২০)।
আহত আ’লীগ নেতা হাবিবুর রহমান হাবিব জানান, কোন্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে রোববার বিকেল সাড়ে তিনটায় বাক্তারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মেম্বার প্রার্থীদের ভোট দিতে তিনি সেখানে যান। এসময় প্রতিপক্ষের এক মেম্বার প্রার্থী তার প্রতিকে দেদারসে জাল ভোটের সীল দিচ্ছেন। এতে সে তাকে জাল ভোট দিতে বাধা দেয়ায় ওই মেম্বার ও তার দলবলসহ ১০/১২ জন তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতরভাবে আহত করে। এসময় তাকে বাঁচাতে তার দুই সন্তান ফাহিম রহমান সুইট , তায়িন রহমান ও ভাগিনা হৃদয় হোসেনসহ কয়েকজন এগিয়ে আসলে তাদেরকেও তারা ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে ব্যাপকভাবে মারধর করে আহত করে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা প্রদান শেষে চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে মামলা দেয়ার পদক্ষেপ নেয়া হচ্ছে।
