মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে সঙ্ঘবদ্ধ গাড়ি চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার ডিবি পুলিশ। এই ঘটনায় চুরি হওয়া ৪টি গাড়ি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে মোহাম্মদ বিল্লাল হোসেন ওরফে রনি (৩৬), মো. শফিকুল ইসলাম (৫৫), মো. সজিব শিকদার (৩৫), মো. সেলিম (৪৫) ও মো. মাসুদ আলম (৫৫)।
রবিবার দুপুরে কদমতলী গোল চত্বরে ঢাকা জেলা দক্ষিণ ডিবি কার্যালয়ে একপ্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও কেরানীগঞ্জ সার্কেল মো. জাহাঙ্গীর আলম।
প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান, গত ৫ সেপ্টেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের কাউটাইল এলাকায় জাকির হোসেনের গদি থেকে মুজিবুর রহমান নামে এক ব্যক্তির একটি ড্রাম ট্রাক চুরি হয়। এই ঘটনায় সে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এর নির্দেশনায় ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও কেরানীগঞ্জ সার্কেল মো. জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে ঢাকা জেলা দক্ষিণ ডিবির অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে কেরানীগঞ্জ মডেল /দক্ষিণ থানা, সাভার ও যশোর জেলার কোতোয়ালী থানায় অভিযান চালিয়ে আন্তঃ জেলা সঙ্গবদ্ধ চোর চক্রের উক্ত পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের নিকট থেকে চুরি হওয়া ড্রাম ট্রাক সহ ৫টি ট্রাক উদ্ধার করা হয়। ইতোমধ্যেই চুরি হওয়া গাড়িগুলোর কিছু কিছু যন্ত্রাংশ মডিফাই করে বিভিন্ন জায়গায় বিক্রি করে দিয়েছে এই চোর চক্র। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হচ্ছে। প্রেস ব্রিফিংয়ে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ডিবির অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।
