কেরানীগঞ্জে এসিল্যান্ডের স্বাক্ষর জাল করায় একজন গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে এসিল্যান্ডের স্বাক্ষর জাল করায় মোঃ সুমন (৪০) নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সুমনের বাড়ি মডেল থানার জিনজিরায়। মডেল থানা ভূমি অফিস সূত্রে জানা যায়, মোঃ সুমন মান্দাইল মৌজার ৫২ শতাংশ জমির একটি মিসকেস আবেদন ফাইলে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার( ভূমি) জান্নাতুল মাওয়ার একটি জাল স্বাক্ষর দিয়ে আজ দুপুরে তার অফিসেই তার হাতে জমা দেন। এ সময় ভূমি সহকারী কর্মকর্তা জান্নাতুল মাওয়া ফাইলটি যাচাই-বাছাই করতে গিয়ে দেখেন তার স্বাক্ষরটি জাল। তিনি এই ফাইলে কোন স্বাক্ষর দেননি। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। এতে আটিবাজার পুলিশ ফাঁড়ির কর্তব্যরত এস আই মোঃ আব্দুল জলিলের নেতৃত্বে একদল পুলিশ ভূমি অফিসে এসে সুমন কে গ্রেফতার করে। এই ঘটনায় ভূমি অফিসের অফিস সহায়ক মোহাম্মদ মহিউদ্দিন বাদী হয়ে মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। এ বিষয়ে কেরানীগঞ্জ সার্কেল সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া জানান, তার অফিসে প্রতি সোমবার ও বুধবার ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শুনানি করা হয়। শুনানি চলাকালীন সময় গ্রেফতারকৃত সুমনের মিস কেস আবেদনের ফাইলটি যাচাই-বাছাইয়ের সময় দেখা যায় ফাইলে তার নিজের একটি স্বাক্ষর রয়েছে। তিনি এই ফাইলে কোন স্বাক্ষর দেননি। কিন্তু এই স্বাক্ষরটি তার নিজের নয়। এটি সম্পূর্ণ জাল ও বানোয়াট। এই স্বাক্ষরটি জালচিহ্নিত হওয়ার সাথে সাথে বিষয়টি তিনি মডেল থানা পুলিশকে অবহিত করেন। এতে পুলিশ এসে সুমনকে গ্রেফতার করে। এই ঘটনায় মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য আটককৃত ফাইলের ৫২শতাংশ জমির বর্তমান বাজার মূল্য রয়েছে প্রায় ১৫ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *