কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আধিপত্য বিস্তারের জেরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতরা হলেন,নীরব (২২), মিরাজ (২৬),মনির মোল্লা ( ২৮), আবির মোল্লা (২৬),সৈকত (৩০),সিয়াম হোসেন (২৫)ও তানভীর হোসেন (২২)।আহতদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে তেঘরিয়া ইউনিয়নে সাউথ টাউন হাউজিং প্রকল্পের ভেতর এ ঘটনা ঘটে। এসময় দুই পক্ষের মধ্যে গোালাগুলি, বোমা বিস্ফোরণ ও ধাওয়া পাল্টা ধাওয়ার মত ঘটনা ঘটে।
জানা যায়, এক পক্ষের নেতৃত্বে ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাবেক সদস্য সচিব পাভেল মোল্লা। অপর পক্ষেের নেতৃত্ব দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশ্রাফ আহমেদ মানিক।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম জানান, সাউথ টাউন হাউজিং প্রকল্পের ভেতর প্রাকৃতিক ভাবে গড়ে উঠা বিভিন্ন ছন, কাশফুলের গাছ কাটা নিয়ে দুই পক্ষের মারামারি হয়েছে। তবে ঠিক কতজন আহত হয়েছে সেটা জানা নেই। তিনি বলেন, আমরা ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি। তাদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।
স্থানীয়রা জানান, মুলত সাউথ টাউন হাউজিং প্রকল্পের বালু ভরাট, বাড়ি নির্মাণ সহ বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করা নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে। ৫ আগষ্ট বিগত সরকারের পরিবর্তনের পর দুই পক্ষই এলাকার হাট বাজার, হাউজিং কোম্পানি, ড্রেজিং ব্যবসা সহ সবকিছুতেই নাক গলাচ্ছে।
এসব বিষয়ে জানতে চাইলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশ্রাফ আহমেদ মানিক বলেন, সাউথ টাউন পড়েছে আমার এলাকায়, সেখানে ঢুকে তারা গাছপালা কেটে নিবে এটা হতে পারে না। এবিষয়ে তাদের আমার সাউথ টাউনের অফিসে ডাকলে তারা কয়েকশ লোক নিয়ে আমার অফিস ভাংচুর করে। আমাকে হত্যার উদ্দেশ্য তার কয়েক রাউন্ড গুলে ছোড়ে। অফিসের সামনে বোমা ফাটিয়ে আতঙ্ক তৈরি করে।
ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাবেক সদস্য সচিব পাভেল মোল্লা বলেন,মানিক সাউথ টাউন সহ আশেপাশের বিভিন্ন হাউজিং কোম্পানির মাটি কেটে চুরি করে নিয়ে যেত। মঙ্গলবার রাতে মানিকের চুরি করা একটি মাটির ট্রাক আটকায় ছাত্রদল সদস্যরা। এই নিয়ে মানিক গ্রুপের সাথে আমার গ্রুপের সদস্যদের দ্বন্দ্ব বাদে। সকালে মানিক আমার গ্রুপের সদস্যদের সাউথ টাউনের অফিসে ডাকেন। এই ডাকে সাড়া দিয়ে তারা সেখানে গেলে মানিক গ্রুপের সদস্যরা তাদের উপর হামলা চালায়। খবর শুনে আমি তাদেরকে উদ্ধারের জন্য সেখানে গেলে মানিক গ্রুপের লোকজন অতর্কিতভাবে আমাদের গ্রুপের লোকজনের উপর হামলা চালায়। এই নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। খবর পেয়ে থানা পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।
