কেরানীগঞ্জের বিএনপির সমাবেশে আ’লীগ ও বিএনপির সংঘর্ষে প্রায় ৬০ নেতাকর্মী আহত

ডেস্ক নিউজঃ ঢাকার কেরানীগঞ্জের জিনজিরায় ঢাকা জেলা বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ১০ টা ৫০ মিনিটে জিনজিরা বাস রোডে এ ঘটনা হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীসহ আওয়ামী লীগ ও বিএনপির প্রায় ৬০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশাক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু বলেন, ‘জিনজিরা বিএনপির কার্যালয়ের সামনে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় আমাদের নেতাকর্মীদের উপর ও ইটপাটকেল ছোড়েন। এসময় নিপুন রায়সহ আমাদের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহত নিপুন রায়কে চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত অন্য নেতাকর্মীদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা জন্য নেওয়া হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম. ই মামুন অভিযোগ করে বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায়ের নেতৃত্বে একদল সন্ত্রাসী আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে। এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আজহার বাঙ্গালীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় আওয়ামী লীগের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুর ও নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বাদ জুমায় দলীয় কার্যাল‌য়ের সাম‌নে সংবাদ সম্মেললন করে।

স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে জিনজিরা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বেলা ১০ টা ৫০ মিনিটে যুবদলের একটি মিছিল জিনজিরা ছাটগাও এলাকা থেকে সমাবেশস্থলের দিকে যাচ্ছিল। মিছিলটি দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এলে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের উত্তেজিত নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় দুই পক্ষের নেতা-কর্মীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের অন্তত ৬০ জন আহত হন। এর মধ্যে বিএনপির নেতাকর্মীরা উত্তেজিত হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাকা জেলা বিএনপি আয়োজিত এ সমাবেশে বিএনপির সিনিয়ির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, কিছু অতি উৎসাহী বিএনপির কর্মী আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করেন। এর আগে সংঘর্ষে ও ইটের আঘাতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *