কারাগারে ধারণক্ষমতা ৪২ হাজার ৪৫০ জন, কারাবন্দি ৮২ হাজার ৬৫৪ জন : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ বন্দী রয়েছেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি)  জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে কারাগারের ধারণক্ষমতা ও বন্দীর তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাঁর দেওয়া তথ্য থেকে এই চিত্র পাওয়া গেছে।

সরকারি দলের সাংসদ মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে ৮২ হাজার ৬৫৪ জন বন্দী আটক আছেন। তাঁদের মধ্যে পুরুষ ৭৯ হাজার ৪৫৪ জন ও নারী ৩ হাজার ২০০ জন। দেশের জনসংখ্যা অনুপাতে কারাগারের ধারণক্ষমতা কত হবে, সে বিষয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড নেই। বাংলাদেশের ৬৮টি কারাগারের বর্তমান বন্দী ধারণক্ষমতা ৪২ হাজার ৪৫০ জন।

সরকারি দলের সাংসদ দিদারুল আলমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানী ঢাকা ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের আইনশৃঙ্খলা রক্ষায় জনসংখ্যা অনুপাতে পুলিশ সদস্যের সংখ্যা যথেষ্ট নয়। রাজধানী ঢাকা ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনবল বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট জেলা/ইউনিট থেকে প্রস্তাব পাওয়া গেলে প্রয়োজনীয়তার নিরিখে বিষয়টি বিবেচনা করা হবে।

বর্তমান সরকারের বিগত দুই মেয়াদে ঢাকা মেট্রোপলিটন পুলিশে বিভিন্ন পদবির মোট ৯ হাজার ৪৫৬টি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বিভিন্ন পদবির ২ হাজার ১৩১টি নতুন পদ সৃজন করা হয়েছে বলে সংসদে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *