নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে ঝর্না (৩) নামের এক শিশু মারা গেছে। রোববার (১১ জুলাই) বিকেলে সিলেটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ওই শিশু নেত্রকোনার আনোয়ারের মেয়ে। সে পরিবারের সঙ্গে ভবনের নিচতলায় থাকতো।
নিহতের মামা আশিক জানান, বিকেলে ওরা চারতলার ছাদে খেলতে যায়। হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে যায় ঝর্না। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
