স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ কর্মহীন শ্রমজীবি খেটে খাওয়া অসহায় মানুষেরা কষ্টে থাকার কথা ফোনের মাধ্যমে শুনে বাড়ি বাড়ি গিয়ে সরকারি ত্রান পৌঁছে দিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ শনিবার (০৪এপ্রিল) বিকেলে আগানগর ইউনিয়নের কদমতলী খালপাড়, ইস্পাহানী, থানাঘাট, জিনজিরা , আমিরাবাগ, ও শুভাঢ্যা এলাকায় ১৫’শ পরিবারের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হয়। এছাড়া বুড়িগঙ্গা নদীর বিভিন্ন ঘাট মাঝিসহ ভাসমান আরও ৫’শ কর্মহীন মানুষের হাতেও ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হয়।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল। এসব ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ৫কেজি চাল, ২কেজি আলু, ২কেজি ডাল।
জিনজিরা এলাকার মরিয়ম নামে কর্মহীন এক সন্তানের জননী জানান, কাজ না থাকায় তিনি কয়েকদিন যাবত অনাহারে দিন কাটাচ্ছিলেন। কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। তাই বাধ্য হয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথের সরকারি ফোন নাম্বারে ত্রাণ চেয়ে ফোন করেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার হাত থেকে সরকারি ত্রাণ পেয়ে খুব খুশি। তাই তিনি আক্ষেপের সাথে জানান, এখনো দুনিয়ায় ভাল লোক আছে বলে তাদের মত গরীবেরা বেঁছে আছে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথ জানান, তার কাছে বিভিন্ন কর্মহীন শ্রমজীবি মানুষ তার সরকারি ফোন নাম্বারে এবং কয়েকজন ৩৩৩ নাম্বারে ত্রাণের জন্য ফোন দেন। তাদের ফোন পেয়েই তিনি সবার বাড়িতে গিয়ে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেন।
তিনি আরও জানান, থানাঘাট এলাকায় ৪টি পরিবার তাকে ফোন দিলে তিনি তাদের ত্রাণ পোঁছানোর জন্য সেখানে উপস্থিত হন। কিন্তু ওই অসহায় ৪টি পরিবার সেখানে লোকজন বেশি দেখে সামাজিকতার কারনে তারা সেখানে উপস্থিত হতে লজ্জাবোধ করেন। পরে গোপনে ওই ৪টি পরিবারের বাড়িতে গিয়ে তাদের হাতে ত্রাণ হাতে পৌঁছে দেওয়া হয়।
