করোনা: নারায়ণগঞ্জের সিভিল সার্জনসহ ৩ চিকিৎসক আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশে নভেল করোনাভাইরাসের বিস্তারের ‘এপিসেন্টার’ হয়ে ওঠা নারায়ণগঞ্জে সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজসহ আরও ৩ চিকিৎসকের দেহে সংক্রমণ ধরা পড়েছে। জেলা করোনাভাইরাস বিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম শনিবার এ তথ্য জানান।

নতুন আক্রান্ত অন্য দু’জনের ১ জন শহরের খানপুরের তিনশ শয্যার নারায়ণগঞ্জ সরকারি হাসপাতালের এবং আরেকজন শহরের বেসরকারি একটি হাসপাতালের এনেসথেশিয়া চিকিৎসক।

জাহিদুল ইসলাম বলেন, সিভিল সার্জন করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় সিভিল সার্জন হিসেবে ঢাকা স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক (প্রশাসন) চৌধুরী ইকবাল বাহারকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে নারায়ণগঞ্জে পাঁচ চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে আরও দুই চিকিৎসক আক্রান্ত হয়েছিলেন।

জাহিদুল ইসলাম আরও বলেন, শহরের খানপুর ৩’শ শয্যা নারায়ণগঞ্জ হাসপাতালের মেডিকেল কনসালটেন্ট এবং একটি বেসরকারি হাসপাতালের আরেক এনেসথেসিয়া চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। “সরকারি হাসপাতালের চিকিৎসক ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। বেসরকারি হাসপাতালের এনেসথেসিয়া চিকিৎসককে শনিবার দুপুরে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।” গত ২৩ মার্চ নারায়ণগঞ্জ শহরের এক অর্থপেডিকস চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শহরের খানপুরে অবস্থিত ৩’শ শয্যা নারায়ণগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সামসুদ্দোহা সঞ্জয় বলেন, তার হাসপাতালে ৪২ বছর বয়সী মেডিকেল কনসালটেন্ট করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া শহরের সিটি লাইফ হাসপাতালের এনেসথেসিয়া চিকিৎসকও (৪৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আইইডিসিআরের উদ্ধৃতি দিয়ে জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নারায়ণগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীসহ ৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন সিভিল সার্জনসহ ৫ চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়সহ ৮৩ জন। সুস্থ হয়েছেন ৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *