করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৭, শনাক্ত ১৩১৮
নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে সাত হাজার ৩২৯ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৩১৮ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ তিন হাজার ৫০১ জনে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ২৩৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৪১ হাজার ৯২৯ জন।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৬১টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৩টি, জিন-এক্সপার্ট ১৮টি, র্যাপিড অ্যান্টিজেন ২৯টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৪৫২টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ১৪৫ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩১ লাখ ছয় হাজার ৪৯৬টি।
