কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে করোনাভাইরাসে এপর্যন্ত আক্রান্ত ২৩৫ জনের মধ্যে পুলিশ সদস্য ৩১ জন এবং র্যাব সদস্য রয়েছেন ২৯ জন। এছাড়া এতালিকায় কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রায়েছে। ৩১ জন পুলিশ সদস্যদের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানার ২৯জন এবং দক্ষিন কেরানীগঞ্জ থানার ২জন সদস্য রয়েছে।
র্যাব সদস্য সবাই কেরানীগঞ্জ র্যাব-১০ এর। করোনায় আক্রান্ত ২৩৫জনের মধ্যে ইউনিয়ন ভিত্তিক জিনজিরায় ৭৪জন, শুভাঢ্যায় ৪৯জন, তেঘরিয়ায় ৩৮জন, আগানগরে ২২জন, শাক্তায় ২১জন, কোন্ডায় ১৩জন, কালিন্দীতে ১০জন, কলাতিয়ায় ৩জন, বাস্তায় ৫জন ও রুহিতপুর ইউনিয়নে ৩জন রয়েছে। তবে এখনো করোনামুক্ত রয়েছে তারানগরও হযরতপুর ইউনিয়ন।
করোনায় এপর্যন্ত মারা গেছে ৮জন এবং সুস্থ হয়েছে ১২জন। গত ৫এপ্রিল কেরানীগঞ্জে প্রথম জিনজিরা ইউনিয়নে মডেল টাউনে এক ব্যক্তির করোনা শনাক্ত হয়। গত এক মাসে তা বেড়ে ২৩৫জনে দাঁড়িয়েছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সাধারন মানুষের মাঝে এখন চরম আতঙ্ক বিরাজ করছে।
এদিকে লকডাউন শীতল হওয়ায় মহল্লার ওলি-গলি ও বাজারে সব দোকান-পাট খুলে যাওয়ায় সর্বত্রই মানুষের আনাগোনা বেড়ে গেছে। এ অবস্থায় করোনা আরো সহজে ও দ্রুত মানুষের মাঝে ছড়িয়ে পড়ার আশঙ্ক করছেন অভিজ্ঞ মহল।
এব্যাপারে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, মানুষ যদি নিজেরা সচেতন না হয় তাহলে এ করোনার হাত থেকে বাঁচার উপায় নাই। তাই সবাইকে সামাজিক দূরুত্ব বজায় রাখতে হবে এবং সবাইকে ঘরে থাকতে হবে।
