এনজিওর ঋণ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে ক্ষুদ্রঋণ কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের নির্দেশনা জারি করে জেলা প্রশাসকদের কাছে চিঠি দিয়েছে এনজিওবিষয়ক ব্যুরো। জেলা প্রশাসন থেকে বিষয়টি অবহিত করে চিঠি দেওয়া হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে।

নির্দেশনায় বলা হয়েছে, ক্ষুদ্রঋণ, উঠান বৈঠকসহ জনসম্পৃক্ত কার্যক্রমের কারণে করোনাভাইরাসের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। এ আশঙ্কায় আপাতত এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। এ সময়ে দাপ্তরিক কার্যক্রম অব্যাহত রাখা যাবে। পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে তাদের।

এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম আব্দুস সালাম গতকাল সোমবার (২৩ মার্চ) বলেন, গত সপ্তাহে তারা সারাদেশে চিঠি দিয়েছেন। এতে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কমিউনিটিভিত্তিক জনসচেতনতা সৃষ্টিতে এনজিওগুলোকে ভূমিকা রাখতে বলা হয়েছে। ক্ষুদ্রঋণ কার্যক্রম বন্ধ রেখে সেবামূলক কাজে ঝাঁপিয়ে পড়তে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্তে ২৬ মার্চ থেকে

পরবর্তী ১০ দিন অফিস-আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে সরকার। তবে এনজিওগুলো নিজেদের দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখবে কিনা তারা নিজেরাই সে সিদ্ধান্ত নেবে।

চট্টগ্রাম ব্যুরো জানায়, এ পরিস্থিতিতে চট্টগ্রামে এনজিওগুলোকে সব ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। শুধু দাপ্তরিক কাজের মধ্যেই তাদের কর্মকাণ্ড সীমিত রাখতে বলা হয়েছে। চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামাল হোসেন জানান, বিভিন্ন এনজিও সাধারণত বাড়ি বাড়ি গিয়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা, উঠান বৈঠক, কর্মশালাসহ বিভিন্ন আয়োজন করে থাকে। জেলার এনজিওগুলোকে এ ধরনের জনসম্পৃক্ত কর্মকাণ্ড না করার জন্য বলা হয়েছে। কারণ জনসম্পৃক্ত কার্যক্রমে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বেশি থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *