একটি বাঘাইড়ের দাম ১ লাখ ৩০ হাজার

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার গাবতলী উপজেলার বিখ্যাত পোড়াদহমেলা মানেই বিশাল আকৃতির, বিভিন্ন প্রজাতির মাছের মেলা। প্রতিবছর এ মেলাকে কেন্দ্র করে জমে ওঠে মাছের বাজার। ব্যতিক্রম হয়নি এবারও। মেলার প্রথম দিনেই সবার নজর কেড়েছে ৭২ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড়। যেটির দাম হাঁকা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা।

অপরদিকে ৫২ কেজি ওজনের আরেকটি বাঘাইড়ের দাম হাঁকা হয়েছে ৮৩ হাজার টাকা। মাছটি কিনতে সম্মিলিতভাবে ৪৮ হাজার টাকা পর্যন্ত দাম হাঁকিয়েছেন এমদাদ, তামিম হোসেন, একরামুলসহ কয়েকজন ক্রেতা। কিন্তু বিক্রেতা বিপ্লব ৮৩ হাজার টাকার কমে মাছটি বিক্রি করবেন না।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বগুড়ার গাবতলী উপজেলার ঐতিহ্যবাহী পোড়াদহমেলায় এসে দেখা মিলে বড় এসব মাছের।

সরেজমিনে দেখা যায়, পোড়াদহ মেলা প্রাঙ্গণে শত শত খুচরা মাছ বিক্রেতা এসেছেন। সারিবদ্ধভাবে এসব ব্যবসায়ী দোকান বসিয়েছেন। দোকানে মাঝারি, ছোট বিভিন্ন জাতের মাছের পসরা সাজিয়ে বসেছেন তারা।

মেলার পূর্বপ্রান্তে উত্তর-দক্ষিণসহ ও মাঝ দিয়ে লম্বালম্বিভাবে বসেছে একাধিক দোকানের সারি। তাদেরই একজন বিপ্লব। তিনি সারিয়াকান্দির যমুনা নদীতে ধরা পড়া ৭২ ও ৫২ কেজি ওজনের দুইটি বাঘাইড় মাছ এ মেলায় বিক্রি করতে এনেছেন। বিশাল আকারের এ মাছ দু’টি দেখতে সকাল থেকেই ভিড় করছেন ক্রেতা সাধারণের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। মেলায় এসে ক্যামেরায় মাছের ছবি ধারণ করছেন তারা। বিপ্লবের দোকানে গিয়েও দেখা যায় একই দৃশ্য।

বিক্রেতা বিপ্লব জানান, তিনি প্রতিবছর এ মেলায় বড় বড় মাছ নিয়ে আসেন। এখানে বড় আকারের মাছ বেশি বিক্রি হয়। ক্রেতারা দামাদামি করলেও তারা বড় আকারের মাছ কিনতেই বেশি পছন্দ করেন। তাই এবারও তিনি বড় মাছ এ মেলায় উঠিয়েছেন। এর মধ্যে তার দুইটি হলো বাঘাইড় মাছ, যা এ মেলার সবচেয়ে বড় মাছ।

১ হাজার ৮শ টাকা কেজি হিসেবে তিনি বড় মাছটির দাম হাঁকিয়েছেন ১ লাখ ৩০ হাজার টাকা। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বেশ কয়েকজন ক্রেতা মাছটি কিনতে দাম হাঁকিয়েছেন। এর মধ্যে একজন ক্রেতা সর্বোচ্চ ৭৯ হাজার টাকা বলেছেন।আনছার আলী, ইয়াকুব, শাহাদত, দেলবারসহ একাধিক মাছ বিক্রেতা জানান, এ মেলায় গাঙচিল, চিতল, বোয়াল, রুই, কাতলা, মৃগেল, হাঙড়ি, গ্রাসকার্প, সিলভার কার্প, বিগহেড, কালিবাউশ, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাঝারি ও বড় আকারের মাছ পাওয়া যাচ্ছে। এসব মাছের ওজনে ৫-১৫ কেজি পর্যন্ত।

তারা জানান, প্রতিকেজি বিগহেড বিক্রি হচ্ছে ৪০০-৫০০ টাকা, কাতলা ছোট ও বড় ৭০০-১২০০ টাকা, বোয়াল ১০০০-১৫০০ টাকা, গ্লাসকার্প ৪০০-৫০০ টাকা, পাঙ্গাস ৩০০ টাকা, সিলভার ৩০০ টাকা।

সোবহান ভূঁইয়া, তোজাম উদ্দিন, নজরুল আহাম্মেদসহ মেলায় আসা কয়েকজন ব্যক্তি বলেন, প্রতিবছর আমরা এ মেলায় মাছ কিনতে আসি। এবারও এসেছি।

তারা বলেন, মেলার স্থান পরিবর্তন হওয়াতে আগের মতো বড় আকারে মেলাটি হচ্ছে না। এ বছর আগের তুলনায় মাছও কম বলে মন্তব্য করেন মেলার মাছ কিনতে আসা ক্রেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *