ইসলামকে পুঁজি করে বেহেস্তের টিকিট বিক্রির রাজনীতি চলছে: মেজর হাফিজ

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ (তজুমদ্দিন–লালমোহন) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, একটি দল ইসলামকে ব্যবহার করে রাষ্ট্রক্ষমতায় যেতে চায়। তারা মানুষকে বুঝায়—ফুলকপি আর দাড়িপাল্লায় ভোট দিলে সরাসরি বেহেস্তে যাওয়া যাবে। এই ধরনের প্রতারণামূলক রাজনীতি দেশ ও ধর্ম দুটোকেই ক্ষতিগ্রস্ত করছে।

 

শুক্রবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় তজুমদ্দিন উপজেলার সোনাপুর আনন্দ বাজার এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মেজর হাফিজ তার বক্তব্যে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের গঠিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত অবস্থায় নিজের বিশেষ অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার ধারাবাহিকতায় বিএনপি সবসময় দেশ ও মানুষের পক্ষে রাজনীতি করে এসেছে।

 

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। বিএনপির শাসনামলে আমরা বেকার যুবকদের চাকরির সুযোগ সৃষ্টি করেছি, নদীভাঙন কবলিত এই জনপদকে রক্ষাবাঁধ প্রকল্পের আওতায় এনে মানুষের বসবাসের নিরাপত্তা নিশ্চিত করেছি।

 

পূর্ববর্তী সরকারের সময়কার উন্নয়ন ও অগ্রযাত্রার কথা তুলে ধরে মেজর হাফিজ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

 

সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফিরোজ শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান মাকসুদুর রহমান, জাকির হোসেন হাওলাদার, আমিরুল ইসলাম বাসেদ, ভোলা জেলা যুবদল সহ-সভাপতি হাসান সাফা পিন্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল সদস্য শাহ্ মো. শাহিন শাজি, মহিউদ্দিন জুলফিকার ও জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *