সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি: আমাদের সময় সীমিত। আর ৫-৬ মাস আছি। এর আগে কৃষি জমি সুরক্ষা আইন প্রণয়ন করে যাবো। যাতে কৃষি জমি অন্য কোনো কাজে ব্যবহার না করা যায়। রোডস এন্ড হাইওয়ে যদি কোনো রাস্তা তৈরি করে। তাহলে জমির মালিককে তিনগুণ মূল্য দিতে হয়। একইভাবে এলজিইডিকেও জমির মূল্য প্রদান করতে হবে। তাহলেই কৃষি জমির মধ্য দিয়ে ক্ষমতাশালীরা রাস্তা নিতে পারবে না। এছাড়াও জমির টপ সয়েল ইটভাটার মালিকদের কাছে বিক্রি না করার জন্য কৃষকদের অনুরোধ করেন।
টোপসয়েল নষ্ট হলে উৎপাদন কমে যায়।’ কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন। বুধবার (২৭ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ডাবল ব্রিজ এলাকায় ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ হস্তান্তর ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। তিনি আরো বলেন, পলিথিন ও প্লাস্টিকের পানির বোতল ব্যবহার বন্ধ করতে পারলে সবাই পাটজাত পণ্য ব্যবহার করতে সক্ষম হবেন। এই বিষয়ে ইতিমধ্যেই কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিনি কোল্ড স্টোরেজ কৃষকদের এবং ভোক্তাদের জন্য করা হয়েছে। বেশি সবজি আমরা দাম কম হওয়ায় ফেলে দেই। সেই সবজি কোল্ড স্টোরেজে রেখে পরে বিক্রি করতে পারবেন। ভোক্তাদের ৫০ টাকায় কিনতে হতো যে সবজি সেটা ২০ টাকায় পাবে। ভূমিদস্যু ও ভাটায় যেনো কৃষি জমি নষ্ট না হয় এবং বাড়িঘর তৈরী না হয় সে ব্যাপারে হুশিয়ারী করেন তিনি। তিনি জেলা প্রশাসককে ইটভাটার অনুমোদনের ব্যাপারে সতর্ক হতে বলেন।
কৃষির টপসয়েল রক্ষায় ইটভাটা কমিয়ে আনার জন্য বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছাম্মৎ ইয়াছমিন খাতুন, জেলা কৃষি কর্মকর্তা ড. রবীআহ নূর, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেওএম তৌফিক আজম, কৃষি কর্মকর্তা মোঃ আবুল বাশার চৌধুরীসহ জেলা ও উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ।
