ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন-এর ‘নবাবগঞ্জ টিম’-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তরুণদের এই উদ্যোগ ইতোমধ্যেই স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
টিমের সদস্যরা জানান, পরিবেশ দূষণ রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবহুল স্থানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
টিমের এক সদস্য বলেন, ‘পরিচ্ছন্নতা শুধু দায়িত্ব নয়, এটি আমাদের অভ্যাসে পরিণত করতে হবে। নবাবগঞ্জকে পরিষ্কার রাখতে আমরা সবাই মিলে কাজ করতে চাই।’
উদ্যোক্তারা আরও জানান, এই কার্যক্রমে অংশগ্রহণের জন্য সকল শ্রেণি-পেশার মানুষকে আহ্বান জানানো হচ্ছে। আগ্রহীরা স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হয়ে সমাজ ও পরিবেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।
উল্লেখ্য, বিডি ক্লিন বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে আসছে এবং তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
