সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলাঢয় স্বর্ণ ফেরত দিতে গিয়ে এক নারী শ্লীলতাহানি, মারধর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাকালদী গ্রামের বাসিন্দা মোসাঃ রিমা আক্তার (৩১), স্বামী মাশারফ হোসেন, আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেল প্রায় ৫টার দিকে তার চাচা শ্বশুর রমজান শেখের কাছে প্রায় এক বছর চার মাস আগে রেখে যাওয়া ১০ আনা ২ রতি স্বর্ণের পরিবর্তে নিজের কাছে থাকা সমপরিমাণ স্বর্ণ ফেরত দিতে যান।
ভুক্তভোগীর অভিযোগ, স্বর্ণ ফেরত দেওয়ার সময় রমজান শেখ দাবি করেন, তার স্বণের্র পরিমাণ ১২ আনা ২ রতি ছিল। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যাযে পূর্ব বিরোধের জেরে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে অশালীন আচরণ করেন। তিনি অভিযোগ করেন, অভিযুক্ত তার ইচ্ছার বিরুদ্ধে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন, শ্লীলতাহানি করেন, পরিহিত জামাকাপড় টেনে ছিঁড়ে ফেলেন এবং মারধর করেন। একই সঙ্গে তার কাছে থাকা ১০ আনা ২ রতি স্বর্ণ ও নগদ ৫৯ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত তাকে ও তার স্বজনদের হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে। পরে আহত অবস্থায় স্বজনরা তাকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী অভিযোগে আরও বলেন, ঘটনার সময় তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর বলেন লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, অভিযুক্ত রমজান শেখের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
