এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আলিফা নামে ২বছর বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পোস্টমর্টেমের জন্য পাঠানো হলো মর্গে পাঠিয়েছে পুলিশ। রোববার (২ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের দক্ষিণ চাইনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির দাদী সোনিয়া তাকে ঘুম পাড়িয়ে বাড়ির পাশেই পাট আনতে যান। এ সময় শিশুটির বাবা রিফাত শেখ ঘরে গিয়ে মেয়েকে নিঃশ্বাসহীন অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টা তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু করে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শিশুটির মা রীমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আশা হয়।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে শিশুটির জন্মের কিছুদিন পর রীমা আক্তার স্বামীর বাড়ি ছেড়ে কুমিল্লায় বাবার বাড়িতে চলে যান। প্রায় তিন মাস আগে তিনি আবার স্বামীর বাড়িতে ফিরে আসেন।
এদিকে, শিশুটির বাবা রিফাত শেখ তার মেয়ের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন জানান, বাচ্চাটির লাশ নিয়ে বিতর্ক থাকায় লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট এর ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
