মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে জেলা প্রশাসক এস.এম ফেরদৌস এর নির্দেশনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সিংগাইর উপজেলায় সুকুমার বৈদ্য পল্লী চিকিৎসক,নামের আগে ডাক্তার লেখায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুর (৪ নভেম্বর) ১২টার দিকে উপজেলার ধল্লা বাজারে এ অভিযান পরিচালনা করেন-ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জমান রুমেল। এ অভিযানে সহযোগিতা করেছেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মো.আবুল কালাম আজাদ ও মানিকগঞ্জ ব্যাটালিয়ান আনসার সদস্য।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জমান রুমেল জানান, ডাক্তার না হয়েও র্দীঘদিন রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন পল্লী চিকিৎসক সুকুমার বৈদ্য। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে মের্সাস বৈদ্য মেডিকেল হলে অভিযান পরিচালনা করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে তিনি তার দোষ স্বীকার করলে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেনা বলে তিনি মুচলেকা দিয়েছেন। তিনি আরও জানান, সুকুমার বৈদ্য এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ হলেও এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। চিকিৎসা সেবায় প্রতারণা রোধে ভোক্তা অধিকার মানিকগঞ্জ জেলা অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
