শ্রীনগরে বিএনপি নেতার বাড়ি নির্মাণের সামগ্রী নিয়ে খেলার মাঠ ক্ষতিগ্রস্ত

প্রতিনিধি, (মুন্সীগঞ্জ)  মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্যক্তিগত বাড়ি নির্মাণের সামগ্রী নিয়ে খেলার মাঠ ক্ষতিগ্রস্তসহ গাছ কর্তন ও স্কুল সংলগ্ন গরুর খামার স্থাপন করে কোমলমতি শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও স্বাস্থ্যকে চরম ঝুঁকিতে ফেলার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে।

উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পশ্চিম নওপাড়া প্রাইমারী স্কুলের খেলার মাঠ দিয়ে বাড়ি নির্মাণের সামগ্রী নিয়ে মাঠ ক্ষতিগ্রস্তসহ স্কুলের গাছ কর্তন ও গরুর খামার স্থাপনের অভিযোগ উঠে কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতির মতিউর রহমান খান মতির বিরুদ্ধে। এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবগত করা হলে তিনি এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

স্থানীয়রা জানান, প্রাইমারী স্কুলের শিক্ষার্থীসহ এলাকাবাসীর খেলাধুলোর জন্য সকলের যৌথ উদ্যােগে জমি ক্রয়ের বালু মাধ্যমে খেলার মাঠ করে প্রাইমারী স্কুলের নামে দেয়া হয়। সম্প্রতি প্রাইমারী স্কুল সংলগ্ন পূর্ব পার্শ্বে ইউনিয়ন বিএনপির সভাপতির মতিউর রহমান খান মতি ব্যক্তিগত কয়েক তলা বিশিষ্ট বাড়ী নির্মানের সুবিধার্থে ওই স্কুলের খেলার মাঠে দিনের পর দিন ইট, বালু,রড, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী আনা-নেওয়ার কাজে ভারী যানবাহন চলাচলের কারণে পুরো খেলার মাঠটি কাদাময় এবং চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। মাঠটি এভাবে কর্দমাক্ত হয়ে পড়ায় শিক্ষার্থীসহ এলাকা কিশোরদের খেলাধুলো পুরোপুরি ঝুঁকি হয়ে গেছে এবং বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা এবং ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, যখন খেলার মাঠটি আরো প্রস্থ করার জন্য মাঠ সংলগ্ন জমিটি ক্রয় করতে চাইলে বিএনপি নেতা মতি খান তখন তরিঘড়ি করে তার নিচু জমিতে পাইলিং করে রেখে দেন। যাতে কেউ চাইলেই ঐ জমি বিদ্যালয়ের খেলার মাঠের প্রয়োজনে ক্রয় করতে না পারে। বর্তমানে তিনি তার বাড়ীর নির্মাণে সরকারি স্কুল মাঠকে এভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করে শিক্ষার্থীদের বিনোদনের জায়গা নষ্ট ও রোপন করা গাছ কর্তন করে পরিবেশ নষ্ট করাসহ স্কুল সংলগ্ন গরুর খামার স্থাপন করে কোমলমতি শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও স্বাস্থ্যকে চরম ঝুঁকিতে ফেলার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অভিযোগ প্রকাশ করেছেন।

পশ্চিম নওপাড়া প্রাইমারী স্কুলের দাতা সদস্য ও সহ-সভাপতি আফজাল হোসেন মিঠু জানান, সকলের যৌথ উদ্যােগে এই মাঠটি করা হয়েছে। এখন ব্যক্তিগত বাড়ি নির্মাণের সামগ্রী নিয়ে মাঠটি খেলাধুলোর অনুপযোগী করে ফেলছেন পার্শ্ববর্তী বাড়ীর মালিক মতি খান।

মাঠ গ্রতিগ্রস্ত করে বাড়ী নির্মানের সামগ্রী নেওয়ার ব্যাপারে ইউনিয়ন বিএনপির সভাপতির মতিউর রহমান খান মতির কাছে জানতে চাইলে তিনি বলেন, এই মাঠ আমরা দিয়েছি। এই মাঠের পার্শ্ব দিয়ে একটি রাস্তা যাবে। সে রাস্তা দিয়েই আমি নির্মান সামগ্রী নিয়েছি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহেদা খাতুন বলেন, আমি এই ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষকের মাধ্যমে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *