ঢাকার দোহার উপজেলায় পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে মধুরচর একতা সংঘের উদ্যোগে ইফতার মাহফিল, কবরবাসীদের জন্য দোয়া এবং অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার মধুরচর আল-বেদা কবরস্থান সংলগ্ন এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

দোয়া শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়। পরবর্তীতে প্রায় একশো অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, যা আসন্ন ঈদকে সামনে রেখে তাদের কিছুটা স্বস্তি এনে দেবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
সংগঠনের সদস্যরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।
