ডেস্ক: ভারতের আসাম রাজ্যের নগাঁও, হোজাই এবং গোলাঘাট জেলায় বনাঞ্চলীয় ভূমি থেকে দুই দিনের উচ্ছেদ অভিযানে ১ হাজার ১০০টিরও বেশি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাভাষী মুসলিম। এই অভিযানের সময় অন্তত ১০টি মসজিদ গুঁড়িয়ে দেওয়া হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কড়া নিরাপত্তার মধ্যে নগাঁওয়ের লুতুমারী লংজাপ সংরক্ষিত বনাঞ্চল থেকে রোববার ৫০০ থেকে ৬০০টি পরিবারকে সরিয়ে দেওয়া হয়। এর আগের দিন নগাঁওয়ে ৩৩৬টি, হোজাইতে ১৫২টি এবং গোলাঘাটে ৫৯টি পরিবারসহ মোট ৫৪৭টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছিল।
আসাম সরকারের দাবি হলো সরকারি ও বনাঞ্চলীয় জমি জবরদখলমুক্ত করতেই এই অভিযান চালানো হচ্ছে। দাপ্তরিক তথ্যানুসারে, আসামে বিজেপি সরকারের এক দশকের শাসনামলে সরকারি জমি থেকে প্রায় ১৯ হাজার পরিবারকে উচ্ছেদ করা হয়েছে, যাদের বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ভুক্ত।
সূত্র: মুসলিম মিরর
