কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা -২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, ফ্যাসিস্টদের দোসোররা শ্রমিক আন্দোলনের নামে কিছু কিছু গার্মেন্টসে আগুন দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। তাদের কেউ কেউ বলছে ফ্যাসিস্ট শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবে। কিন্তু এটা কোনদিন সম্ভব নয়। যে ফ্যাসিস্ট একবার দেশ থেকে পালিয়ে যায় সেই ফ্যাসিস্ট আর ফিরে আসার নজির পৃথিবীতে আর কোথাও নেই। তিনি আজ দুপুরে কেরানীগঞ্জে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত পবিত্র হিফজুল কোরআন ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আমান উল্লাহ আমান আরো বলেন,৪০ বছরের স্মৃতি বিজড়িত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যারা এক কাপড়ে তাকে বাড়ি ছাড়া করেছিলেন তারা কিন্তু আজ দেশ ছাড়া।
গত ১৭ বছরে আমি ১১ বার জেল খেটেছি। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের ছয় মাস আগে আমাকে পাতানো একটি গ্রেনেড মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর আস্থা রেখে যারা বিএনপিকে ভোট দিয়েছিলেন তাদের আস্থার প্রতিফলন ইতিমধ্যেই ঘটাতে শুরু করেছেন প্রধানমন্ত্রী নিজেই। আমান বলেন, বিএনপি ইসলামের পরিপন্থী কোন কাজ করবে না। কেউ যদি করার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইসলামের জন্য যা যা করা দরকার প্রধানমন্ত্রী তারেক রহমান তাই করছেন। বিএনপি ক্ষমতা আসার পরেই প্রধানমন্ত্রী ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের জন্য ভাতা প্রদান করেছেন। ফ্যাসিস্ট আমলে আলেম-ওলামাদের উপর যেভাবে নির্যাতন করা হয়েছে তার বিচার আল্লাহ করেছেন। সে সময় দাড়ি টুপি পরে আলেম-ওলামারা রাস্তায় চলাফেরা করতে পারত না।
ফ্যাসিস্ট আমলে হেফাজত ইসলামকে আমরা অনেক সহযোগিতা করেছি। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মোহাম্মদ মহিববুল্লাহিল বাকি নদভী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও মারকাযুল হুদা আল- ইসলামী বাংলাদেশের মহাপরিচালক মুফতি আজহারুল ইসলাম,সম্মিলিত ইমাম খতিব পরিষদের মহাসচিব মুফতি শরিফুল্লাহ,ঢাকা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম, ঢাকা জেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মোস্তাাফিজুর রহমান প্রমূখ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা ফাউন্ডেশনের ইনচার্জ মোহাম্মদ আল-আমিন।
