‘ফ্যামিলি ক্রাইসিস’র পর রাজের ‘হিট’

ডেস্ক রিপোর্ট : মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। শোবিজের আলোচিত নির্মাতা। সম্প্রতি ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিকটি নির্মাণ করে তুমুল আলোচনায় এসেছেন তিনি। এবার ‘হিট’ শিরোনামের নতুন একটি ধারাবাহিক নিয়ে আসছেন এ নির্মাতা।

১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘হিট’ নাটকের প্রচার। সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার রাত ৮টা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে ‘হিট’। এরপর রাত ৯টায় প্রকাশ হবে ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে। এমনটাই জানিয়েছেন রাজ।

নতুন বছর উপলক্ষে দর্শকদের জন্য রাজের উপহার ‘হিট’। এটি রাজ পরিচালিত ১৩তম ধারাবাহিক। নাটকটির রচনা করেছেন মারুফ রেহমান ও মোস্তফা কামাল রাজ। নির্মাতা আশা করছেন, সব বয়সী দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাবে তার নতুন ধারাবাহিকটি।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা রাজ বলেন, ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকটি পারিবারিক গল্প নিয়ে। কিন্তু ‘হিট’ নাটক পারিবারিক গল্প নিয়ে নয়। দুটি ধারাবাহিকই সম্পূর্ণ আলাদা গল্পের। দর্শকদের ভরপুর বিনোদন দিতেই ‘হিট’ নির্মাণ করছি। এতে কোন মেসেজ নেই, শিক্ষনীয় কিছু নেই। কেবল রয়েছে দর্শকদের বিনোদিত করার চেষ্টা।

নতুন এ নাটকটিতে দেখা যাবে একঝাঁক তারকাকে। তাদের মধ্যে থাকছেন হাসান মাসুদ, সাজু খাদেম, ইশতিয়াক আহমেদ রুমেল, মুকিত জাকারিয়া, হারুন রশীদ, আশনা হাবিব ভাবনা, সারিকা সাবাহ, মনিরা আক্তার মিঠু, সেমন্তি সৌমিসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *