এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, প্লাজমা লিকেজ এড়াতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জ্বর কমে যাওয়ার পরের চারদিন গুরুত্ব দিয়ে হাসপাতাল অবজারভেশনে রাখতে হবে। রোগীরা চলে যেতে চাইলেও যেতে দেওয়া যাবে না। প্রয়োজনে সিকিউরিটি দিয়ে হাসপাতালের গেট বন্ধ রেখে রোগীকে অবজারভেশনে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সাথে জেলার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ডেঙ্গু সম্পূর্ণ একটি মশাবাহিত রোগ। পৃথিবীতে এর আলাদা কোন চিকিৎসা নেই। নির্দিষ্ট একটি চিকিৎসা প্রটোকল রয়েছে সে চিকিৎসা প্রটোকল দেশের সকল উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করা হয়েছে।
এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী উপস্থিত ছিলেন।
