প্রশাসনের নির্দেশনা অমান্য করে দোহারে সরকারি খালের উপর স্থাপনা নির্মাণ

কাজী জোবায়ের আহমেদ: ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের সাতভিটা এলাকায় সরকারি খাল দখল করে নির্মিত স্থাপনা সরাতে নির্দেশনা দেয়ার পরেও নির্দেশনা অমান্য করে সরকারি খালের উপর স্থাপনা নির্মাণ করছেন স্থানীয় আব্দুল ফকিরের ছেলে আবুল কালাম। এর আগে চলতি বছরের (১৪ নভেম্বর) সাপ্তাহিক নববাংলা অনলাইনে দখলের সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে নিয়ে ১৫ নভেম্বর ঘটনাস্থল পরির্দশন করে খাল দখলের বিষয়টি নিশ্চিত হয়ে স্থাপনা সরাতে নির্দেশনা প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।
এদিকে স্থাপনা না সরিয়ে একমাস পর আবারো স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন আবুল কালাম। শুক্রবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় ঐ স্থাপনার উপরে টিনের চাল দিয়ে সম্পূর্ণ জায়গাটি দখল করে নিয়েছেন আবুল কালাম। এসময় আবুল কালামের বিষয়টি জানতে তার বাড়িতে গিয়ে জানা যায় তিনি ঢাকায় আছেন। বাড়িতে থাকা তার স্ত্রী বলেন, সবাই খালের পারে জমি দখল করে তাই আমরাও দোকান দিয়েছি। প্রশাসন নিষেধ করার পরেও কেন দোকান নির্মাণ করছেন জানতে চাইলে তিনি বলেন, প্রশাসন আমাদের ইটের গাথুঁনী দিতে নিষেধ করেছে তাই টিন দিয়ে কাজ করছি। এসময় তার নাম জানতে চাইলে অপারগতা প্রকাশ করেন।
এদিকে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণ করায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক বলেন, প্রশাসনের নিষেধাজ্ঞার পরেও যদি এভাবে সরকারি জমি দখল করে তাহলে দেশে আইনের প্রতি মানুষ শ্রদ্ধা হারিয়ে ফেলবে। এবং অন্যরা আরও সাহস পাবে। প্রশাসনের উচিৎ দ্রুত এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র নববাংলাকে বলেন, সরকারি খাল দখলের বিষয়টি নজরে আসার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দখলের সত্যতা পাই। পরে স্থাপনা সরাতে আবুল কালামকে নির্দেশনা দেয়া হয়েছে। নতুন করে স্থাপনা নির্মাণের বিষয়টি আমার জানা নেই। দুই একদিনের মধ্যে দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, সরকারি খাল দখলকারীদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *