পেটের পেশী ছিঁড়ে আইপিএল শেষ দিল্লি পেসারের

টুর্নামেন্ট শুরুর আগেই ভুগেছিলেন পিঠের ব্যথায়, যে কারণে অনুশীলন করতে পারেননি বেশ কিছুদিন। সেই ব্যথা থেকে সেরে উঠে একটি ম্যাচও খেলেছেন পরে। তখন আবার দেখা দেয় বুকের পাঁজরের ব্যথা। ফলে আবারও ছিটকে যান মাঠের বাইরে।

এবার এর সঙ্গে যুক্ত হলো পেটের পেশীর ইনজুরি। যে কারণে পুরো আইপিএলই শেষ হয়ে গেলো দিল্লি ক্যাপিট্যালসের অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মার। পেটের পেশী ছিঁড়ে যাওয়ার কারণে টুর্নামেন্টের বাকি অংশ আর খেলতে পারবেন না ইশান্ত।

গত ২৯ সেপ্টেম্বর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে এবারের আসরে নিজের প্রথম ও একমাত্র ম্যাচটি খেলেছিলেন ইশান্ত। সেই ম্যাচে ৩ ওভার বোলিং করে ২৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। এরপর পাঁজরের ব্যথায় ভোগেন ইশান্ত। যার মূল কারণ ছিলো পেটের পেশী ছিঁড়ে যাওয়া।

দিল্লি ক্যাপিট্যালসের পক্ষ থেকে দেয়া আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, গত ৭ অক্টোবর অনুশীলনে বোলিং করার সময় বাম পাশের পাঁজরে অসহ্য ব্যথার কথা জানান ইশান্ত। পরে আরও পরীক্ষানিরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে, মূলত পেটের বামদিকে একটি পেশী ছিঁড়ে গেছে তার।

বিবৃতিতে লেখা হয়েছেন, ‘গত ৭ অক্টোবর অনুশীলনের সময় বাম পাশের পাঁজরে তীব্র ব্যথা অনুভব করেন দলের ফাস্ট বোলার ইশান্ত শর্মা। পরবর্তীতে আরও যাচাইয়ের পর জানা গেছে, পেটের বামপাশের একটি পেশী ছিঁড়ে গেছে। দুর্ভাগ্যবশত এই ইনজুরির কারণে এবারের আইপিএলের বাকি অংশে আর খেলা হবে না তার।’

তবে ইশান্তকে হারালেও দিল্লির পেস ডিপার্টমেন্টে বোলারের কমতি। চলতি আসরে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারী কাগিসো রাবাদার (৭ ম্যাচে ১৭ উইকেট) সঙ্গে রয়েছেন হার্শাল প্যাটেল, মোহিত শর্মা, আভেশ খান ও তুষার দেশপান্ডে। এখন ইশান্তের জায়গায় নতুন আরেক পেসারের খোঁজ শুরু করবে দিল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *