ঢাকার নবাবগঞ্জ উপজেলার টিকরপুর মোড়ে সেনা পুলিশের চেক পোস্ট চলাকালীন সময়ে এক ব্যবসায়ীর মোটরসাইকেলকে গতিরোধের সময় পড়ে মারা যায় বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলোঘর এলাকার মোসলেম মোল্লার ছেলে সুমন মোল্লা (৪০)। সে এলাকার একটি বাজারে ফার্নিচারের ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় ঢাকা নবাবগঞ্জ সড়কের টিকরপুর মোড়ে সেনা পুলিশের চেকপোস্ট চলাকালে সুমন মোল্লা মোটরসাইকেল যোগে ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময় সেনা সদস্যরা তাঁকে থামতে বললে সে খুব দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে থাকে। এসময় রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যায় সুমন। পরে সেনা সদস্য ও পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিন টিপু। নিহতের মোবাইলের সূত্র ধরে পুলিশ তার পরিবারকে খবর দিলে ছেলে সামির হোসেন ও সুমন মোল্লার মা ছবুরণ বেগম হাসপাতালে এসে লাশ সনাক্ত করেন। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, সেনাবাহিনীর সাথে পুলিশের যৌথ চেকপোস্ট চলার সময় সে রাস্তায় গাছের সাথে ধাক্কা লেগে মারা যায়। এ ব্যাপারে কোনো মামলা হয়নি।
