নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে অজ্ঞাত হিসেবে উদ্ধার হওয়া লাশ নিখোঁজ অটোচালক সজীব আহমেদ (২৬) এর। এঘটনায় মঙ্গলবার (১৮ জুন) দুপুরে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্বজনরা জানান, রবিবার অটোনিয়ে বের হয়ে রাতে বাসায় ফেরেনি সজীব আহমেদ। সোমবার বিকালে উপজেলার শোল্লা ইউনিয়নের আওনা এলাকার রাস্তার পাশ থেকে অজ্ঞাত হিসেবে লাশ উদ্ধার করে পুলিশ। লাশের মাথা ও গলায় আঘাতে চিহ্ন ছিল বলে জানা যায়। মঙ্গলবার সকালে স্বজন ও পরিচিতরা সজীবের লাশ চিহ্নিত করেন।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক শ্যামলেন্দু ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে স্বজন ও পরিচিতরা নিহতের লাশ চিহ্নিত করেন। দুপুরে নিহতের চাচা মানিক উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
