নিজস্ব প্রতিবেদক: নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মালামাল কিনতে বাড়ি থেকে বের হয়ে তিন দিনেও ফেরেননি ঢাকারর নবাবগঞ্জ উপজেলার এক ব্যবসায়ী। সম্ভাব্য সব স্থানে খুঁজে না পেয়ে আতঙ্কের মধ্যে আছে ওই ব্যবসায়ীর পরিবার। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে গত বৃহস্পতিবার নবাবগঞ্জ থানায় একটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ ওই ব্যক্তির নাম বাপন বণিক (৩৩)। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের মহব্বতপুর গ্রামের বিমল বনিক ও গীতা বনিকের ছেলে। তার মাঝিরকান্দা বাসস্টান্ডে “বনিক কনফেশনারীর” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
বাপন বনিকের স্ত্রী প্রিয়া বনিক জানান, গত ১২ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯টায় তার ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল আনতে সে ঢাকার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। ঐ দিন বিকাল গড়িয়ে রাত হলেও সে আর বাসায় ফিরেনি। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও তিনি ফিরে না আসায় তাঁর মুঠোফোনে কল দেন তিনি। কিন্তু ফোন বন্ধ পান। এরপর আত্মীয়স্বজন অনেকের কাছে খোঁজ করেও তাঁর কোনো হদিস পাননি। শেষে বৃহস্পতিবার সকালে বাপন বনিকের ছোট ভাই আপন বনিক স্থানীয় নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। যাহার জিডি নং-৬৬৯ তারিখ ১৩/০২/২০২৫ইং। বিষয়টি নিয়ে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। আমার স্বামী ব্যবসায়ী। সুনির্দিষ্ট কারও বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই। আমি চাই, আমার স্বামী সুস্থ-স্বাভাবিকভাবে আমাদের মাঝে ফিরে আসুক।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুল ইসলাম বলেন, জিডিতে পরিবার থেকে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে তাঁর সন্ধান পাওয়া যাবে বলে আশা করছেন তিনি। জিডির তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমরা চেষ্টা করছি নিখোঁজ ব্যক্তিকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করা যায়। আশা করি, শিগগিরই তাঁর সন্ধান পাওয়া যাবে।
