নবাবগঞ্জে দেবরের বিরুদ্ধে ভাবীকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ভাবীকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার নতুন বান্দুরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী নাসরীন আক্তার নবাবগঞ্জ থানায় দেবর আসাদুল চোকদার ও জা সুমাইয়া আক্তার এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত দেবর ও জা’ একই বাড়ীতে বসবাস করেন। দীর্ঘদিন ধরে তাদের সাথে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে তাকে কিল, ঘুষি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এসময় তার ডাকচিৎকারে স্বামী লিটন চোকদার, শশুর মালেক চোকদারসহ পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করেন। আহত নাসরীন আক্তারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। পরিবারের অন্য সদস্যরা নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
এ ঘটনার পর নবাবগঞ্জ থানায় দেবর ও জা’কে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল আলম আজাদ জানান, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *