নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে ব্যাটারি চালিত অটোবাইকের চাকায় ওড়না জড়িয়ে মহিলা বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে উপজেলা যন্ত্রাইল পূর্বপাড়া মসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিলা বেগম দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরকুসাই এলাকার মৃত শেখ ঝড়–র স্ত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহিলা বেগম গত ৪দিন আগে নবাবগঞ্জের বাহ্রা ইউনিয়নের ভাওয়ালিয়া এলাকায় তার ছোট মেয়ে ইয়াসমিনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সোমবার বিকালে দোহারের চরকুসাই যাওয়ার উদ্দেশ্যে অটোবাইকে উঠেন। যন্ত্রাইল পূর্বপাড়া মসজিদের সামনে এসে গলায় থাকা ওড়না অটোবাইকের চাকায় জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় চালক অটো রেখে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন এবং অটোটি জব্দ করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মহিদুল ইসলাম জানান, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। অটো গাড়ির বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।
