দোহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

ঢাকার দোহার উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দিনব্যাপী উপজেলার জয়পাড়া দেবীনগর মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়। পরে একটি র‌্যালি বের করা হয়। যা প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

দোহার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শামীম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি মাঈদুল ইসলাম বলেন, এই দেশে বিভিন্ন জাতের পশু পালন বিষয়ে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রাণিসম্পদের এই প্রদর্শনী মেলা জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আমি আশা করছি। পাশাপাশি এই উপজেলায় কী ধরনের পশু পাখি আছে মেলায় সেগুলো প্রদর্শনের মাধ্যমে জনসাধারণ এসব পালনে উৎসাহিত হবে।

প্রদর্শনী মেলায় বিভিন্ন স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারিরা তাদের পালনকৃত উন্নত প্রজাতির গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে অংশগ্রহণ করেন। মেলা দেখতে সকাল থেকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করে।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তুরাজ, উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তা আব্দুল সাত্তার, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলামসহ আরো অনেকে।
পরে অংশগ্রহণকারী খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ প্রদর্শনী মেলার সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *