কাজী জোবায়ের আহমেদ : করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থীরা নির্ধারিত পাঠ্যসূচি অনুযায়ী স্বাভাবিক শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছেনা। তাই অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন ও লার্নিং গ্যাপ পরিমাপের কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) ২০২১ ও ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পাঠ্যসূচি পুনর্বিন্যাস করেছে। ১৪/০৬/২০২১খ্রি. থেকে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে।
আর এই কার্যক্রমকে হাতিয়ার করে শিক্ষার্থীদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ঢাকার দোহার উপজেলার বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সাইফুর রহমানের বিরুদ্ধে। এমন ঘটনার ফলে শির্ক্ষার্থীদের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, অ্যাসাইনমেন্ট তৈরির নামে এইচএসসি’র শিক্ষার্থীদের কাছ থেকে চার হাজার টাকা দাবি করেন প্রভাষক সাইফুর রহমান। ফলে নিয়মের বাইরেই অনেক শিক্ষার্থী টাকা দিতে বাধ্য হন। অনেক শিক্ষার্থীকে আবার বিকাশে প্রতি মাসে এক হাজার টাকা করে দিতে বলেন এই শিক্ষক।
টাকা দাবি করার এমন কয়েকটি ঘটনার ফোন কলের রেকর্ড হাতে আসে নববাংলার প্রতিবেদকের কাছে। কথা হয় আরও বেশ কয়েকজন শিক্ষার্থীদের সাথে। তবে তারা ভয়ে নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেছেন। স্বর্ণের দুল বিক্রি করে সাইফুর রহমানকে টাকা দিয়েছেন বলেও জানান এক শিক্ষার্থী।
এদিকে ঘটনার বিষয়ে অভিযুক্ত সাইফুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি অ্যাসাইনমেন্টের জন্য টাকা নেইনি। টিউশন ফি নেই।
এদিকে প্রতিবেদকের সাথে সাইফুর রহমানের কথা বলার পর সাংবাদিক পরিচয় দিয়ে ফয়সাল ফারুক নামে উপজেলার চৈতাবাতর এলাকার এক ব্যক্তি শিক্ষার্থীদের ফোন দিয়ে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করেন।
পরে জানা যায়, তিনি কোনো সাংবাদিক নন। সাইফুর রহমান তাকে দিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন। বিষয়টি দোহার থানায় জানানো হলে ব্যবস্থা নেয়ার কথা জানান ওসি মোস্তফা কামাল।
এবিষয়ে বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কুলসুম বেগম জানান, এমন ঘটনা আমার জানা নেই। বিস্তারিত জেনে আপনাকে জানাবো।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিব হাসান জানান, যদি এমন ঘটনা ঘটে থাকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
