কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় কিভাবে পৌঁছে দেয়া যায় সেই লক্ষ্যকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে ভূমি সপ্তাহ পালন উপলক্ষে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ভূমি অফিসের উদ্যোগে বুধবার (২৪ মে) আটি বাজার ভূমি অফিস কার্যালয়ে ভূমি সেবা প্রার্থীদের নিয়ে এই উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) শাহাদত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম। এ সময় তিনি আলোচনা সভায় উপস্থিত ভূমি সেবা প্রার্থীদের ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিল বিষয়ে প্রশ্নের উত্তর দেন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ভূমি অফিসের নাজির রাজিব দত্ত, কানুন গো মো. কামাল হোসেন, সার্ভেয়ার মোহাম্মদ মিরাজ হোসেন, অফিস সহকারী আব্দুল আলিম ও সাহাব উদ্দিন শিহাব প্রমূখ।
