নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া দক্ষিণ রাজানগর ইউনিয়নের প্রবাসি ইদ্রিস মিয়া। গত বছর স্বপ্ন পূরণের তাগিদে পাড়ি দিয়েছেন দুবাই। ভালোই চলছিল স্ত্রী আর দুই কন্যা সন্তান নিয়ে সংসার। কিন্তু হঠাৎ আসা সংবাদে সাজানো পরিবারটি তছনছ হয়ে গেছে। গত ১৬ জানুয়ারি মৃত্যুর সংবাদ আসে ইদ্রিসের পরিবারের কাছে।
এ মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবার-পরিজন। আব্বু আব্বু কান্নায় আঙিনার গড়াগড়ি দিচ্ছে দুই মেয়ে ইসপা ও আসমা। নিখোঁজের ৬ দিন পর আরব সাগরের ওমান সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে ইদ্রিসের মৃতদেহ। মরহুম ইদ্রিসের অসহায় পরিবারকে ১ লক্ষ ১৮ হাজার টাকা অনুদান দিয়েছে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই ও উত্তর আমিরাত। গত ৩ ফেব্রুয়ারী’২০ সোমবার দুবাইস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে মরহুম ইদ্রিসের সহধর্মিণীর ব্যাংক একাউন্টে এ অর্থ প্রেরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন আমিরাতে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বাবর, মোহাম্মদ ওসমান , মোহাম্মদ রিয়াজুল করিম রানা,সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ, আজিমুল গণি, হুমায়ুন কবির, আবদুল্লাহ আল শাহেদ ইমরান প্রমুখ। সমিতির সভাপতি আলহাজ মাওলানা ফজলুল কবির চৌধুরী বলেন- সমিতির মূল উদ্দেশ্য হচ্ছে অসহায় প্রবাসীদের সাথে নিয়ে রাঙ্গুনিয়া বাসীদের সহযোগিতায় কাজ করা। সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার বলেন, এই পরিবারটির জন্য এটি শেষ অনুদান নয়।
পরবর্তীতে আরো সহযোগিতার পাশাপাশি দেশের ব্যাংকে মরহুম ইদ্রিসের সন্তানদের জন্য একটি ফিক্স ডিপোজিট করে দেওয়া হবে।ইদ্রিসের দুই কন্যা সন্তান মধ্যে ইসপা দক্ষিণ রাজানগর নূরাণী তা’লীমূল কোরআন মাদ্রাসায় ৪র্থ শ্রেণীতে পড়ে। অন্যজন জুবাইরা সুলতানা আসমা একই প্রতিষ্ঠানের ২য় শ্রেণীতে পড়ে।
