নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় আলোকিত রাইপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ হতে রাইপাড়া ইউনিয়নের ৩,৬ ও ৭নং ওয়ার্ডের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানের সড়কপথে বৈদ্যুতিক বাতি স্থাপন করা হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে সংগঠনটির পক্ষ হতে এ কার্যক্রমটি পরিচালনা করা হয়।
এ ব্যাপারে আলোকিত রাইপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যতম সদস্য মো. নুর-আমিন জানান, সমাজের উন্নয়নে কাজ করাই আমাদের মূল উদ্দেশ্য। সেই ধারাবাহিকতায় সড়কপথে বৈদ্যুতিক বাতি স্থাপন কর্মসূচির গুরুত্বপূর্ণ কার্যক্রমটি হাতে নিয়েছি। আল্লাহর অশেষ রহমতে রাইপাড়া ইউনিয়নের ৩, ৬ ও ৭নং ওয়ার্ডের কিছু রাস্তায় বৈদ্যুতিক বাতি স্থাপন করার মধ্য দিয়ে আমরা আমাদের এই কর্মসূচি শুরু করেছি। বৈদ্যুতিক বাতি স্থাপন করায় এখন থেকে চোর-ডাকাত এলাকায় ঢুকতে সাহস পাবে না। সেই সাথে লোকজনের চলাচলের জন্যও সুবিধা হবে। আমরা আশা করি এই বৈদ্যুতিক বাতির কারণে এলাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম অনেকাংশে হ্রাস পাবে।
আলোকিত রাইপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের এ কার্যক্রম এলাকায় প্রশংসা কুড়াচ্ছে। সেই সাথে আলোকিত রাইপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ হতে প্রতিটি বাড়ির বাহিরে বৈদ্যুতিক বাতি লাগানো এবং আর্থিক সংকটের কারণে কর্মকান্ডটি স্থগীত থাকায় ফের বেগবান করার জন্য আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
