৬৫ বছরে প্রথমবার একই দিনে রিয়াল-বার্সার বিদায়

স্পোর্টস ডেস্ক : প্রায় ৬৫ বছর পর একই দিনে কোপা দেল রে থেকে ছিটকে গেল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। স্পেনের দ্বিতীয় সেরা ঘরোয়া প্রতিযোগিতার শেষ আটে রিয়াল হেরেছে রিয়াল সোসিয়েদাদের কাছে। আর আথলেতিক বিলবাওয়ের মাঠে হেরে বিদায় নিয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা।

সব প্রতিযোগিতা মিলে ২১ ম্যাচ অপরাজিত থাকার পর বৃহস্পতিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে সোসিয়েদাদের বিপক্ষে ৪-৩ গোলে হারে রিয়াল। একই দিনে বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনার হার ১-০ গোলে।

১৯৫৫ সালের ২৯ মে সবশেষ একই দিনে কোপা দেল রে থেকে বিদায় নিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব। সেবার সেমি-ফাইনালে রিয়াল হেরেছিল সেভিয়ার বিপক্ষে। আর শেষ চারে বার্সেলোনার হার ছিল বিলবাওয়ের বিপক্ষেই।

প্রতিযোগিতায় রেকর্ড ৩০ বার চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। ১৯টি শিরোপা আছে রিয়ালের। এর আগে সবশেষ ২০০৯-১০ মৌসুমে কোপা দেল রের সেমি-ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল দুই ক্লাবই।

এবারের আসরের শেষ চারে সোসিয়েদাদ ও বিলবাওয়ের সঙ্গে আছে গ্রানাদা ও মিরান্দেস। গতবারের চ্যাম্পিয়ন ভালেন্সিয়াকে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে গ্রানাদা। দ্বিতীয় সারির ক্লাব মিরান্দেস কোয়ার্টার ফাইনালে হারায় লা লিগার আরেক দল ভিয়ারিয়ালকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *