হরিপুরে হরিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

ঠাকুরগাঁও প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নাসিমা (নাম পরিবর্তিত নয়) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ি থেকে বের হওয়ার একদিন পর তার মরদেহ উদ্ধার হওয়ায় ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা ও রহস্যের সৃষ্টি হয়েছে।

রোববার সকালে উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের তন্নিদিঘীর পূর্ব পাশে গড় ভবানীপুর এলাকার একটি স্থানে স্থানীয়রা একটি নারীর মরদেহ পড়ে থাকতে দেখে হরিপুর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত নাসিমা হোসেনগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবদুল মেম্বারের দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, মরদেহের পেছনের অংশে পোড়ার চিহ্ন দেখা গেছে, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে।

পরিবার সূত্রে জানা যায়, নাসিমা দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়ে কবিরাজের বাড়িতে যাওয়ার কথা বলেছিলেন। পরে সন্তানদের বাড়িতে পাঠিয়ে দিলেও তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।

পরদিন সকালে গড় ভবানীপুর এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে কীভাবে এবং কোন পরিস্থিতিতে ওই গৃহবধূর মৃত্যু হলো, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *