সিরাজদিখানে মাদক, জুয়া ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদক, জুয়া, কিশোর অপরাধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া চোকদার বাড়ি ঈদগাহ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে সিরাজদিখান থানা।
পুুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, মাদক, জুয়া ও কিশোর অপরাধ সমাজের জন্য মারাত্মক হুমকি। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে আইন শৃংঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম বলেন, পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতাই অপরাধ প্রতিরোধের অন্যতম প্রধান শক্তি। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত করা গেলে মাদক, জুয়া, কিশোর অপরাধ এবং নারী-শিশু নির্যাতনের মতো অপরাধ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ, মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল দাস,বীর মুক্তিযোদ্ধা আবুল কুদ্দুস ধীরণসহ কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় উপস্থিত বক্তারা সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে অবহিত করা এবং নারী ও শিশু নির্যাতন রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *