সিরাজদিখানে নানা আয়োজনে ইস্টার সানডে পালিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
সারা দেশের মতো সিরাজদিখানেও পালিত হলো খ্রিষ্টান ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ইস্টার সানডে। আজ রোববার শুলপুর সাধু যোসেফ চার্চে ধর্মীয় নানা আয়োজনে খ্রিস্টধর্মের ্র প্রবর্তক যিশু খ্রিষ্টের পুনরুত্থান দিবসটি পালন করা হয়। পাপের বিরুদ্ধে জয় হিসাবে যিশুর পুনরুত্থান খ্রিষ্টান সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। সকাল থেকেই পবিত্র বাইবেল পাঠ, ধর্মীয় সংগীতের মাধ্যমে যিশুর বিজয়বার্তা উদ্যাপন করছেন সিরাজদিখান কেয়াইন ইউনিয়নের তিনটি গ্রামের যীশু খ্রিষ্টের অনুসারীরা। শুলপুর সাধু যোসেফ চার্চের প্রধান ধর্মযাজক ফাদার লিন্টু ডি কস্তা বলেন, প্রায় দুই হাজার বছর আগে পুণ্য শুক্রবারে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এ ঘটনার তৃতীয়দিন রোববার মৃত্যুকে জয় করে জীবিত হয়ে ওঠেন তিনি। যিশু খ্রিষ্টের পুনরুত্থানের এই রোববারকেই ইস্টার সানডে বা পুনরুত্থান রোববার বলা হয়। এদিকে ইস্টার সানডের সকাল থেকে শুলপুর চার্চেতে অনুষ্ঠিত হয় প্রার্থনা সভা। বাইবেল পাঠ, ধর্মীয় সংগীতের মাধ্যমে যিশুর পুনরুত্থানকে উদ্যাপন করা হয়। মানব জাতির মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *